পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার বিষয়ে যুক্তরাজ্যসহ ১২টি পশ্চিমা দেশের নেওয়া পদক্ষেপে যুক্তরাষ্ট্র ‘স্বাভাবিকভাবেই’ যোগ দিচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মায়ামিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, যুক্তরাজ্য যে সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্র তা অনুসরণ করবে না। তবে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ইসরায়েলি বসতির দ্রুত সম্প্রসারণের কারণে অঞ্চলটিতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রুবিও বলেন, পশ্চিম তীরে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করে এমন কোনো পরিস্থিতি দেখতে চায় না যুক্তরাষ্ট্র। তাঁর মতে, অঞ্চলটির বর্তমান পরিস্থিতির ওপর গাজা সংকটের পাশাপাশি ‘২০-দফা পরিকল্পনা’ ও ‘বোর্ড অব পিস’ উদ্যোগে অগ্রগতির সক্ষমতাও নির্ভর করছে।
এ সময় এক সাংবাদিক মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিবির সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ তোলেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বসতি-সংক্রান্ত নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে।
তবে এমন কোনো পাল্টা পদক্ষেপের পরিকল্পনা রয়েছে কি না, তা নিশ্চিত করেননি রুবিও।
তিনি বলেন, যুক্তরাজ্য তাদের সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছিল এবং কেন তারা এমন পদক্ষেপ নিচ্ছে, সেই যুক্তিও ব্যাখ্যা করেছে। তবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যও স্থিতিশীলতা বজায় রাখা।
রুবিও বলেন, পশ্চিম তীরের বর্তমান নাজুক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সেখানে সহিংসতা, সংঘাত বা উত্তেজনা আরও বাড়ুক—এমনটা চায় না।


