ইসরায়েলে রপ্তানির উদ্দেশ্যে পণ্য বহন করছে—এমন সন্দেহে একটি কন্টেইনার জব্দ করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির জোহরের তানজুং পেলেপাস বন্দরে কন্টেইনারটি জব্দ করা হয়।
প্রতিবেদন অনুসারে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস) শুক্রবার এই অভিযান চালায়।
একেপিএস জানিয়েছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে ধারণা করা হচ্ছে, জব্দ করা চালানটি দেশটির শুল্ক আইন লঙ্ঘন করতে পারে। বিশেষ করে, ইসরায়েলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য রপ্তানি নিষিদ্ধসংক্রান্ত বিধান ভঙ্গের আশঙ্কা রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, কন্টেইনারে থাকা পণ্যের প্রকৃতি, বিবরণ, ব্যবহার ও শ্রেণিবিন্যাস পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি, এসব পণ্য মালয়েশিয়ার কৌশলগত বাণিজ্য আইনের আওতাভুক্ত কি না, তা খতিয়ে দেখা হবে।
একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য রপ্তানির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইন ও সরকারি বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কন্টেইনার জব্দের ঘটনাকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, ইসরায়েলকে সমর্থন করতে পারে—এমন কোনো বাণিজ্যিক কার্যক্রমের জন্য মালয়েশিয়ার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম একেপিএসের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, এই উদ্যোগ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি কর্মকাণ্ডে সহায়তা করতে পারে এমন বাণিজ্যের বিরোধিতায় মালয়েশিয়ার অবস্থানকে তুলে ধরে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মতে, এ পদক্ষেপ হেগ গ্রুপের অধীনে দেশটির প্রতিশ্রুতি এবং ২০২৩ সালের ডিসেম্বরে সরকারের আরোপিত নিষেধাজ্ঞার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই


