ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য বড় ধরনের হুমকি মনে করেন প্রায় ৮০ শতাংশ ব্রিটিশ নাগরিক। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। একই জরিপে যুক্তরাষ্ট্রকেও বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে দেখছেন প্রায় তিন-চতুর্থাংশ ব্রিটিশ।
সংবাদমাধ্যম মিডলইস্ট আই জানায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস’ জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন। অথচ ২০০৫ সালে এই হার ছিল ৪৮ শতাংশ। অর্থাৎ দুই দশকে ইসরায়েল সম্পর্কে ব্রিটিশদের নেতিবাচক ধারণা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জরিপে দেখা যায়, ২০২৪ সালের শরৎকালে ৭৩ শতাংশ ব্রিটিশ ইসরায়েলকে বিশ্বশান্তির জন্য হুমকি মনে করতেন। ২০২৬ সালের বসন্তে পরিচালিত জরিপে সেই হার বেড়ে ৭৮ শতাংশে পৌঁছেছে।
গাজায় দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর এই জনমত উঠে এসেছে।
শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের প্রতিও ব্রিটিশদের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। সর্বশেষ জরিপে ৭৪ শতাংশ ব্রিটিশ নাগরিক যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন। ২০২৪ সালে এই হার ছিল মাত্র ৩৫ শতাংশ।
ন্যাটসেনের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোর মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের বিরোধ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ব্রিটিশদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
অথচ ১৯৯৪ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শাসনামলে মাত্র ২২ শতাংশ ব্রিটিশ নাগরিক যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি হিসেবে দেখতেন। ২০০৫ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে সেই হার বেড়ে ৪৭ শতাংশে দাঁড়ায়।
জরিপে বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উঠে এসেছে রাশিয়ার নাম। দেশটিকে গুরুতর হুমকি মনে করেন ৮৯ শতাংশ ব্রিটিশ নাগরিক। অন্যদিকে ইরানকে ৭৫ শতাংশ, উত্তর কোরিয়াকে ৬৬ শতাংশ এবং চীনকে ৬২ শতাংশ মানুষ হুমকি হিসেবে দেখেন।
এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও অনুভব করছেন ব্রিটিশ নাগরিকেরা। জ্বালানির দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপের কারণে পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় বেড়েছে।
গত ৫ নভেম্বর ব্যাংক অব ইংল্যান্ড তাদের মূল সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে। তিন বছরের বেশি সময়ের মধ্যে এটিই প্রথম সুদের হার বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া এবং দাম বৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতির ওপর পড়ছে।
সুদের হার বাড়ায় গৃহঋণসহ বিভিন্ন ঋণের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতিও ব্রিটিশদের উদ্বেগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
এদিকে ন্যাটসেনের গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের তুলনায় পশ্চিম ইউরোপের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পক্ষে ব্রিটিশদের সমর্থন বাড়ছে। জরিপে ৪২ শতাংশ উত্তরদাতা পশ্চিম ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে যুক্তরাজ্যের স্বার্থের জন্য বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। বিপরীতে মাত্র ৯ শতাংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছেন।
প্রতিবেদনের লেখক সোফিয়া গ্যাস্টনের বিশ্লেষণ অনুযায়ী, ইউরোপে যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিরতা, চীনের সঙ্গে পশ্চিমা বিশ্বের কৌশলগত প্রতিযোগিতা এবং মার্কিন নেতৃত্ব নিয়ে সংশয়ের কারণে ব্রিটিশদের নিরাপত্তা ভাবনায় বড় পরিবর্তন এসেছে।
উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে যুক্তরাজ্যে ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস’ জরিপ পরিচালনা করে আসছে ন্যাটসেন। এটি দেশটির সামাজিক ও রাজনৈতিক মনোভাব নিয়ে দীর্ঘতম ধারাবাহিক জরিপগুলোর একটি।



