দুই টন ওজনের ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র দিয়ে দেড় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইরান—এমন দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপকমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব হবে তাৎক্ষণিক, কার্যকর ও প্রতিরোধমূলক; এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাও মানা হবে না।
শুক্রবার তেহরানে ‘পবিত্র প্রতিরক্ষা’ যুদ্ধে নিহত ১১০ জনের জানাজা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ইজাদি।
আইআরজিসির উপকমান্ডারের দাবি, তাদের ‘এজেন্ট ও ভাড়াটে বাহিনী’ ইসলামি বিপ্লবের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হওয়ায় শত্রুপক্ষ এখন সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমেছে।
তিনি অভিযোগ করেন, ইরানকে বিভক্ত করা, দেশটির রাজনৈতিক ব্যবস্থা উৎখাত, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কেড়ে নেওয়া, ‘প্রতিরোধ ফ্রন্ট’ দুর্বল করা এবং তেলসম্পদ লুট করাই প্রতিপক্ষের লক্ষ্য। ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই ধরনের কৌশল নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
ইজাদি বলেন, ইরানের সামরিক শক্তি ও প্রতিরোধ সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সামনের সারির ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো দুই টনের ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র দিয়ে ১ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। তার দাবি, এই সক্ষমতা ইরানের নিরাপত্তা ও শক্তি দুর্বল করার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।
তিনি আরও দাবি করেন, স্থল ও সমুদ্রে প্রতিপক্ষের বিভিন্ন ঘাঁটিতে ইরানি বাহিনী শক্তিশালী হামলা চালিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণেই প্রতিপক্ষ নিজেদের ক্ষেপণাস্ত্রের মজুত ও সামরিক সম্পদ দ্রুত কমে আসার কথা স্বীকার করতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
যেকোনো মাত্রা বা ধরনের হুমকির জবাব ‘তাৎক্ষণিক, কার্যকর এবং অনুতপ্ত করার মতো’ হবে বলে সতর্ক করেন ইজাদি। তাঁর ভাষায়, প্রয়োজন হলে ইরানের সশস্ত্র বাহিনী ‘কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই’ প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।


