...|...|...

বিশ্ব

ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের, কিউবা নিয়েও দিলেন বার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ৬:২৯
Shares
ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের, কিউবা নিয়েও দিলেন বার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানের সঙ্গে সংঘাতের পর কিউবা নিয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় এক জনসভায় ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো আরেকটি ছোট “এপিক ফিউরি” অভিযান চালাতে পারি।’

তবে সম্ভাব্য এই অভিযানের সময় বা লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন এপিক ফিউরি’। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে দেশটিতে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইরান থেকে ফেরার পর কিউবার বিষয়টি দেখার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, ইরান থেকে ফেরার পথে কিউবার বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। এরপর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো হবে চুক্তি চূড়ান্ত করার জন্য।

এদিকে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ২০ অক্টোবর বলেন, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হামলার জবাব দেওয়া হবে।

তার বক্তব্য অনুযায়ী, ইরানের পাল্টা প্রতিক্রিয়া আগের চেয়ে দুর্বল হবে না; বরং সমান বা আরও শক্তিশালী হতে পারে।

ট্রাম্পের নতুন বক্তব্যের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত আরও বাড়বে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে নতুন কোনো সামরিক অভিযান শুরুর বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেননি মার্কিন প্রেসিডেন্ট।