আগামী রবিবার (২৫ অক্টোবর) থেকে ইউরোপের অধিকাংশ দেশে শীতকালীন সময় কার্যকর হচ্ছে। এদিন গ্রীষ্মকালীন সময়ের ইতি ঘটিয়ে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেয়া হবে। পর্তুগাল, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এ পরিবর্তন কার্যকর হবে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর মার্চের শেষ রবিবার গ্রীষ্মকালীন সময় শুরু হয়। অক্টোবরের শেষ রবিবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আবারও স্ট্যান্ডার্ড টাইমে ফিরে যায় দেশগুলো।
পর্তুগালের মূল ভূখণ্ডের রাজধানী লিসবন, পোর্তোসহ অন্যান্য শহরে স্থানীয় সময় রবিবার রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নেয়া হবে। একই সময়ে মাদেইরা দ্বীপপুঞ্জেও ঘড়ির কাঁটা পিছিয়ে দেয়া হবে। তবে আজোরেস দ্বীপপুঞ্জে স্থানীয় সময় রাত ১টায় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত ১২টা করা হবে।
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশেই ২৫ অক্টোবর গ্রীষ্মকালীন সময় শেষ হবে। এর মধ্যে রয়েছে পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও গ্রিসসহ অন্যান্য সদস্য দেশ।
ইউরোপীয় ইউনিয়নের বাইরেও যুক্তরাজ্য, নরওয়ে ও সুইজারল্যান্ডের মতো কয়েকটি দেশে একই দিনে ঘড়ির কাঁটা পিছিয়ে দেওয়া হবে। তবে ইউরোপের সব দেশ এই নিয়ম অনুসরণ করে না।
গ্রীষ্মকালে সন্ধ্যার দিকে দিনের আলো বেশি সময় কাজে লাগানোর উদ্দেশ্যে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে রাখা হয়। শীতকালীন সময় চালু হলে ঘড়ির কাঁটা আবার এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এতে সকালে তুলনামূলক আগে আলো পাওয়া যায়, তবে সন্ধ্যায় আগেই অন্ধকার নামে।
তবে বছরে দুবার ঘড়ির কাঁটা পরিবর্তনের এই ব্যবস্থা নিয়ে ইউরোপে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। সমালোচকদের মতে, বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি, সময় পরিবর্তনের কারণে মানুষের ঘুমের স্বাভাবিক ছন্দ ও দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে।
ইউরোপীয় ইউনিয়নে এই নিয়ম বাতিলের প্রস্তাব নিয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ২০১৯ সালে ইউরোপীয় পার্লামেন্ট সময় পরিবর্তন বন্ধের পক্ষে অবস্থান নিয়েছিল। তবে সদস্য দেশগুলোর মধ্যে প্রয়োজনীয় সমঝোতা না হওয়ায় বর্তমান ব্যবস্থা বহাল রয়েছে।
সময় পরিবর্তনের পর বাংলাদেশের সাথে পর্তুগাল ও যুক্তরাজ্যের সময়ের ব্যবধান পাঁচ ঘণ্টা থেকে বেড়ে ছয় ঘণ্টা হবে। অর্থাৎ, লিসবন বা লন্ডনে সকাল ১০টা হলে বাংলাদেশে তখন বিকেল ৪টা।
অন্যদিকে, মধ্য ইউরোপের অধিকাংশ দেশের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান চার ঘণ্টা থেকে বেড়ে পাঁচ ঘণ্টা হবে।
ইউরোপের অধিকাংশ দেশে ২৫ অক্টোবরের এই পরিবর্তনের মধ্য দিয়ে এ বছরের গ্রীষ্মকালীন সময়ের অবসান ঘটবে।


