তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা চললেও ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (৫ আগস্ট) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমরা শুনেছি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার আহমেদ ওয়াহিদি পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে আমি সংকল্পবদ্ধ।’
যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র উল্লেখ করে নেতানিয়াহু আরও বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যা করা প্রয়োজন, তার সবই তিনি করবেন।
তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, মার্কিন-ইরান মধ্যস্থতার আলোচনা ‘উন্নত পর্যায়ে’ পৌঁছেছে এবং উভয় পক্ষ খসড়া প্রস্তাব বিনিময় করেছে। সব পক্ষকে নিয়ে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানি কর্তৃপক্ষের দাবি, এতে তিন হাজারের বেশি মানুষ নিহত হন। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।
পরবর্তী সময়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৮ জুন এক সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে দ্বিমতের কারণে আলোচনা থমকে যায়। এরপর ৮ থেকে ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের হামলায় পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়। জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

