আকাশে শত্রুপক্ষের রাডার সক্রিয়, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও প্রস্তুত। কিন্তু কোনো ক্ষেপণাস্ত্র যদি উড্ডয়নের মাঝপথেই বারবার দিক পরিবর্তন করে এবং পরের মুহূর্তে সেটির অবস্থান কোথায় হবে তা নির্ভুলভাবে অনুমান করা না যায়, তাহলে সেটিকে প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ইরানের দাবি, তাদের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সক্ষমতা এখানেই।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা বালালি জানিয়েছেন, ফাত্তাহ-২ কোনো একটি নির্দিষ্ট অ্যালগরিদম অনুসরণ করে উড়ে না। বরং একাধিক অ্যালগরিদম ব্যবহার করে আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে।
তার দাবি, এ কারণে ক্ষেপণাস্ত্রটি পরবর্তী মুহূর্তে কোথায় অবস্থান করবে, তা শত্রুপক্ষের পক্ষে নির্ভুলভাবে অনুমান করা কঠিন। ফলে সম্ভাব্য গতিপথ হিসাব করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়ে এটিকে ধ্বংস করার প্রচলিত পদ্ধতি কার্যকর নাও হতে পারে।
বালালি আরও বলেন, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার দুর্বলতা বিবেচনায় রেখেই ফাত্তাহ-২ তৈরি করা হয়েছে। এমনকি হামলাটি কোন দিক থেকে আসছে, প্রতিপক্ষ তা পুরোপুরি শনাক্ত করার আগেই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম বলে দাবি করেন তিনি। এই প্রযুক্তিকে ইরানের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার উদাহরণ হিসেবেও তুলে ধরেন বালালি।
২০২৩ সালে প্রথমবার ফাত্তাহ-২ প্রকাশ্যে আনে তেহরান। ইরান এটিকে হাইপারসনিক গ্লাইড ভেহিকল বা এইচজিভি হিসেবে বর্ণনা করে। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এ ধরনের অস্ত্র উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়া থেকে পাওয়া ব্যাপক প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান।
চলতি বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ফাত্তাহ-২ ব্যবহার করেছে ইরান। প্রকাশিত একটি ভিডিওতে ইসরায়েলের একটি লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্রের আঘাতের দৃশ্য দেখা যায়।
ফাত্তাহ-২-এর গতিপথ ও গতিবেগের সাথে রাশিয়ার ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনাও করা হচ্ছে। রাশিয়া ২০২৫ সালের জানুয়ারিতে ইউক্রেন যুদ্ধে ওরেশনিক ব্যবহার করে। এই ক্ষেপণাস্ত্রেও হাইপারসনিক গ্লাইড ভেহিকল সক্ষমতা রয়েছে।
ফাত্তাহ-২-এর মতো অস্ত্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্যও নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। দেশটির শীর্ষ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাতা প্রতিষ্ঠান ‘রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস’-এর প্রেসিডেন্ট ইউভাল বাসেস্কি বলেছেন, এ ধরনের অস্ত্রের বিরুদ্ধে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর নাও হতে পারে।
তার বক্তব্য অনুযায়ী, ম্যাক ১০ গতিতে এগিয়ে আসা কোনো ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা অত্যন্ত কঠিন, এমনকি অসম্ভবও হতে পারে। এমন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার প্রচলিত কৌশল নতুন করে মূল্যায়ন করতে হচ্ছে রাফায়েল এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে।


