জর্ডান জানিয়েছে, তাদের আকাশসীমা লঙ্ঘনকারী আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার (৩১ আগস্ট) ভোরে এক বিবৃতিতে জর্ডানের সেনাবাহিনী জানায়, বেসামরিক নাগরিক বা সম্পদের জন্য কোনো হুমকি তৈরি হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, দক্ষিণ ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে থাকা কিং হুসেইন ও আজরাক মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইআরজিসির জানায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ঘাঁটিগুলোর অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের এলাকাগুলোতে হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা।
রবিবার মার্কিন বাহিনী লারাক দ্বীপে দুটি ইরানি লঞ্চারে হামলা চালায়। একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, জুলাইয়ের শেষের পর ইরানের ভূখণ্ডে এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা। অভিযোগ ছিল, লঞ্চারগুলো হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনবাহী রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল।
আইআরজিসি জানিয়েছে, ওই হামলায় কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন এবং এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তারা।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর মার্কিন হামলা শুরুর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুনে একটি কাঠামো চুক্তি হলেও জুলাইয়ে হরমুজ প্রণালীতে নৌচলাচল নিয়ে মতবিরোধের জেরে যুক্তরাষ্ট্র আবারও দুই সপ্তাহব্যাপী বোমা হামলা ও নৌ অবরোধ শুরু করে।


