ইরানের কেশম দ্বীপের কাছে মাছ ধরার দুটি নৌকায় ‘শত্রুপক্ষের’ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জেলে আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুজন।
শনিবার (৩১ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কেশম কাউন্টির মুসান গ্রামের উপকূল থেকে প্রায় ১৮ মাইল দূরে এ ঘটনা ঘটে। হামলার সময় নৌকা দুটিতে দুজন করে মোট চারজন জেলে ছিলেন।
এদিকে, তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে হরমোজগান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিকবিষয়ক উপ-গভর্নর জানান, আহত দুই জেলেকে কেশম দ্বীপে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় নিখোঁজ দুই জেলের সন্ধানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।


