...|...|...

বিশ্ব

ইরানি হামলায় ৬ মার্কিন সেনা নিহত, পেন্টাগনের তদন্তে ক্ষুব্ধ পরিবার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৬
Shares
ইরানি হামলায় ৬ মার্কিন সেনা নিহত, পেন্টাগনের তদন্তে ক্ষুব্ধ পরিবার

ছবি: সংগৃহীত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় নিহত ছয় মার্কিন সেনার মৃত্যুর ঘটনায় পেন্টাগনের তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাদের স্বজনেরা। পরিবারের অভিযোগ, হামলার আগে নিরাপত্তা প্রস্তুতির ঘাটতি এবং হামলার পর উদ্ধার ও চিকিৎসাব্যবস্থার ব্যর্থতা নিয়ে তদন্তে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, গত সপ্তাহে অন্তত তিনজন নিহত সেনার পরিবারকে তদন্তের অপ্রকাশিত ফলাফল সম্পর্কে ব্রিফ করেছে সেনাবাহিনী। তবে প্রায় তিন ঘণ্টার ওই ব্রিফিংয়ের পরও স্বজনদের অনেকেই হতাশ হয়েছেন।

তাদের অভিযোগ, গত আট মাস ধরে সিবিএসের অনুসন্ধানে উঠে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোরও স্পষ্ট উত্তর মেলেনি তদন্তে।

গত ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় অবস্থিত মার্কিন সামরিক কমান্ড পোস্টে ইরানের ড্রোন হামলায় ছয় সেনা নিহত হন। এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর মার্কিন সেনাদের ওপর প্রথম দিকের হামলাগুলোর একটি ছিল। নিহত সবাই ছিলেন মার্কিন সেনাবাহিনীর রিজার্ভ সদস্য।

সিবিএসের অনুসন্ধানে একাধিক সূত্র দাবি করেছে, হামলার কয়েক সপ্তাহ আগেই ড্রোন হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেনা কমান্ডাররা সেই সতর্কতা যথাযথভাবে আমলে নেননি। প্রত্যক্ষদর্শীদের মতে, একমুখী আক্রমণকারী ড্রোন ঠেকানোর মতো পর্যাপ্ত প্রতিরক্ষাব্যবস্থা ওই ঘাঁটিতে ছিল না।

যুদ্ধ শুরুর আগের মার্কিন গোয়েন্দা তথ্যেও পোর্ট শুয়াইবাকে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রাখা হয়েছিল বলে জানা যায়। একই সাথে পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী ও ব্যাপক হতাহতের পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনাতেও ঘাটতি ছিল বলে অভিযোগ রয়েছে।

হামলা থেকে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তা মেজর স্টিফেন র‍্যামসবটম গত ১৩ নভেম্বর কংগ্রেসে হুইসেলব্লোয়ার অভিযোগ জমা দেন। তার দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তারা ড্রোন হামলার ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা পেয়েও প্রয়োজনীয় প্রতিরক্ষাব্যবস্থা নেননি। তিনি একটি স্বাধীন তদন্তেরও দাবি জানিয়েছেন।

নিহতদের পরিবারের সাথে ব্রিফিংয়ে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল পিটার গ্লাস। বৈঠক শেষে এক স্বজন বলেন, সেখানে এমন কোনো নতুন তথ্য পাওয়া যায়নি, যা তাদের আশ্বস্ত করতে পারে।

নিহত মাস্টার সার্জেন্ট নিকোল আমোরের স্বামী জোয়ি আমোরের ধারণা, যথাযথ পরিকল্পনা থাকলে তার স্ত্রী হয়তো বেঁচে যেতে পারতেন। তবে তদন্তকারীরা তাকে জানিয়েছেন, আঘাত এতটাই গুরুতর ছিল যে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী থাকলেও তাকে বাঁচানো সম্ভব হতো না।

তদন্তের ফল জুনে চূড়ান্ত হলেও পরিবারগুলোকে তা জানাতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করানোয় তাদের ক্ষোভ আরও বেড়েছে।