ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির বিমান বাহিনী মোখা ও ধুবাব এলাকায় হুতি লক্ষ্যবস্তুতে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। হামলায় বেশ কিছু যানবাহন, অস্ত্রশস্ত্র ধ্বংস এবং বহু হুতি মিলিশিয়া সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দাপ্তরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মজিদ আব্দুল্লাহ আল-নুজাইলি জানান, মোখা বন্দরের নিকটবর্তী এলাকা এবং মোখা শহরের জায়েদ আল-খারেজ শপিংমলের কাছে চালানো বিমান হামলায় গাড়ি ও অস্ত্র ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকজন হুতি মিলিশিয়া সদস্য নিহত হয়েছেন।
তিনি আরও জানান, মোখার পানি প্রকল্প প্রশাসনের কার্যালয়ের পাশেই অবস্থান করা মিলিশিয়া সদস্যরাও এই হামলায় নিহত হয়েছেন। এছাড়া মোখা শহর থেকে ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে মোখা-ধুবাব সড়কের একটি পশুপালন কোয়ারেন্টাইন কেন্দ্রে যানবাহনের বহর ও যোদ্ধাদের জমায়েত লক্ষ্য করেও হামলা চালানো হয়।
আল-নুজাইলি আরও বলেন, মোখার উত্তর রিং রোডের একটি সামরিক নেতার সাবেক সদর দপ্তরে জড়ো হওয়া মিলিশিয়া সদস্যদেরও সম্পূর্ণ নির্মূল করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে ইরান-সমর্থিত হুতিরা রাজধানী সানা এবং দেশের বড় একটি অংশ দখল করে নেওয়ার পর সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনে সরকারি বাহিনীর সাথে দীর্ঘ প্রায় ১২ বছর যুদ্ধ চলে। এরপর ২০২২ সাল থেকে ইয়েমেনে তুলনামূলক শান্তাবস্থা বজায় ছিল। তবে ২০২৩ সালের শেষ দিকে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েল এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ে। এর ফলে নতুন করে শুরু হওয়া লড়াই ইয়েমেলে আবারও সর্বাত্মক সংঘটে ফেরার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।


