...|...|...

বিশ্ব

ইরানি বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিল আমিরাত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫৪
Shares
ইরানি বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিল আমিরাত

ছবি: সংগৃহীত

তেহরানের এভিয়েশন বা বিমান চলাচল খাতকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার সাথে সংহতি প্রকাশ করে ইরানি বিমানগুলোর চলাচল স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে অন্যান্য বেশ কয়েকটি দেশের মতো আমিরাতও ইরানি বিমানগুলোর জন্য তাদের আকাশপথ ও বিমানবন্দর বন্ধ করে দিল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আমিরাতের সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম-এর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে দেশটির সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাত থেকে এবং এর দিকে ইরানি এয়ারলাইনসগুলোর পরিচালিত সমস্ত ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তটি ইরানি বিমান সংস্থাগুলোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে, যা তাদের বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দর ব্যবহার করা থেকে বিরত রাখছে।

নতুন মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের জেরে ওমান, ইরাক, আজারবাইজান, জর্জিয়া এবং তুর্কমেনিস্তানের পর এবার সংযুক্ত আরব আমিরাতও ইরানি বিমানগুলোর প্রবেশাধিকার সীমিত বা সম্পূর্ণ স্থগিত করার পদক্ষেপে শামিল হলো।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাই ইরানি বিমানগুলোর জন্য একটি অন্যতম প্রধান গন্তব্য ছিল। সেখানে প্রতিদিন একাধিক ফ্লাইট চলাচল করত এবং দেশটিতে একটি বড় ইরানি কমিউনিটি ও নিবিড় ব্যবসায়িক যোগাযোগ রয়েছে।