...|...|...

বিশ্ব

ইরানকে প্রকাশ্যে হুমকি কিন্তু পর্দার আড়ালে আলোচনার চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, সকাল ৯:১৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৫
Shares
ইরানকে প্রকাশ্যে হুমকি কিন্তু পর্দার আড়ালে আলোচনার চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে হামলার হুমকি দেওয়ার পাশাপাশি পর্দার আড়ালে আলোচনার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন দেশটির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলা বাতিল করার আগে, ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র হাসান ঘাশঘাভি যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেন।

ঘাশঘাভি বলেন, যুদ্ধ যেভাবেই এগোক না কেন, হরমুজ প্রণালীর নৌ চলাচল নিয়ন্ত্রণ করবে তেহরান। তিনি অভিযোগ করেন, গণমাধ্যমে যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ানোর কথা বললেও বিভিন্ন মাধ্যমে তারা আলোচনার প্রস্তাব দিচ্ছে।

তিনি বলেন, “তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধোঁকা দিতে পারবে না। উত্তেজনা বৃদ্ধি কিংবা আলোচনার মাধ্যমে—হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ক্ষেত্রে ইরানের ব্যবস্থাই একমাত্র বিকল্প।”

এদিকে, ইরান-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাজিদরেজা হারিরি দাবি করেছেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর মতো সক্ষমতা বা সাহস যুক্তরাষ্ট্রের নেই।

এক্সে দেওয়া এক পোস্টে হারিরি বলেন, “অবকাঠামো ধ্বংস করার সাহস তাদের নেই, কারণ এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় ইরানের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি।”

ইরানের বিদ্যুৎ গ্রিড বিশ্বের অন্যতম বিকেন্দ্রীভূত বিদ্যুৎ ব্যবস্থা হিসেবে পরিচিত। দেশটিতে প্রায় ১৫০টি বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে এই নেটওয়ার্ক পরিচালিত হয়। এর বিস্তৃত কাঠামোর কারণে বিমান হামলার মাধ্যমে পুরো দেশে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বিপর্যয় সৃষ্টি করা কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সূত্র: আল-জাজিরা