...|...|...

বিশ্ব

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৬:৩৯
Shares
ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

ছবি: সংগৃহীত

ইরাকের উত্তরাঞ্চলীয় আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার পর পুরোপুরি বন্ধ হয়ে গেছে উৎপাদন কার্যক্রম। এতে অঞ্চলটির বিদ্যুৎ উৎপাদন প্রায় ২ হাজার ৮০০ মেগাওয়াট কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে সুলাইমানিয়া প্রদেশের চামচামাল জেলায় অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে হামলা চালানো হয়। এতে শক্তিশালী বিস্ফোরণের পাশাপাশি আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধান ও তথ্য যাচাইকারী সংস্থা সনদ স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ যাচাই করে গ্যাসক্ষেত্রটির ভেতরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্য নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কুর্দি নিরাপত্তা বাহিনীর বরাতে জানা গেছে, অজ্ঞাত একটি ড্রোন দিয়ে স্থাপনাটিতে হামলা চালানো হয়। বিস্ফোরণের পর নিরাপত্তার কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হামলার সবচেয়ে বড় প্রভাব পড়েছে কুর্দিস্তানের বিদ্যুৎ খাতে। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অঞ্চলটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২ হাজার ৮০০ মেগাওয়াট কমে যাওয়ার কথা জানিয়েছে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ স্থানীয় সংবাদমাধ্যম কুর্দিস্তান ২৪-কে জানান, গ্যাসক্ষেত্র থেকে পাইপলাইনে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘পুরো অঞ্চল জুড়ে যাতে সম্পূর্ণ ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় না ঘটে, সেজন্য বিদ্যুৎ মন্ত্রণালয় বিকল্প ব্যবস্থা নিচ্ছে। ডোকান ও দারবান্দিখান বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোদমে চালু করা হচ্ছে এবং বিকল্প জ্বালানিচালিত স্টেশনগুলোর মাধ্যমে হাসপাতাল ও পানি শোধনাগারের মতো অতি জরুরি ও সংবেদনশীল স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।’

কুর্দিস্তানের বিদ্যুৎ উৎপাদনের জন্য খোর মোর গ্যাসক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্চলটির বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রয়োজনীয় গ্যাসের প্রায় ৮০ শতাংশ সরবরাহ করা হয় এই স্থাপনা থেকে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানা গ্যাস ও ক্রিসেন্ট পেট্রোলিয়ামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক কনসোর্টিয়াম পার্ল পেট্রোলিয়াম গ্যাসক্ষেত্রটি পরিচালনা করে।

তবে গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার ড্রোন ও রকেট হামলার লক্ষ্যবস্তু হয়েছে খোর মোর। ২০২৪ সালের ২৬ এপ্রিল আত্মঘাতী ড্রোন হামলায় স্থাপনাটির তরলীকৃত গ্যাসসংক্রান্ত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় চার ইয়েমেনি শ্রমিক নিহত হন। তখনও কুর্দিস্তানের বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল।

এ ছাড়া ২০২৪ সালের জানুয়ারি ও ২০২২ সালে একাধিক হামলার কারণে গ্যাসক্ষেত্রটির সম্প্রসারণ কার্যক্রম বাধাগ্রস্ত হয়। দৈনিক অতিরিক্ত ২৫ কোটি ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যে নেওয়া প্রকল্পটিও এসব হামলার কারণে ক্ষতির মুখে পড়ে।

সর্বশেষ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে অতীতে এ ধরনের হামলার ঘটনায় কিরকুক ও সালাহউদ্দিন অঞ্চলে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যদিও এবারের হামলার সাথে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বাগদাদ ও এরবিলের মধ্যে তেল-গ্যাসের রাজস্ব বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।