...|...|...

বিশ্ব

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে বিশাল লংমার্চ শুরু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৫ | আপডেট: ৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৬
Shares
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে বিশাল লংমার্চ শুরু

ছবি: সংগৃহীত

সরকারের সাথে আলোচনা ব্যর্থ হওয়ার পর কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ইসলামাবাদের অভিমুখে বিশাল প্রতিবাদ মিছিল বা লংমার্চ শুরু করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থকরা।

রবিবার (৪ অক্টোবর) ৫ হাজারেরও বেশি সমর্থক এই বিক্ষোভে অংশ নিয়ে যাত্রা শুরু করেছেন বলে জানা গেছে। পিটিআইয়ের পরিকল্পনা অনুযায়ী এই মার্চটি মূলত গত ২৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। তবে সরকার ও পিটিআই নেতৃত্বের মধ্যে আলোচনার সুযোগ তৈরি করতে তা পিছিয়ে ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু গত সপ্তাহের ছুটির দিনগুলোতে হওয়া দুই দফার আলোচনা কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপরই পূর্বের পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় পিটিআই। মূলত জরিপ অনুযায়ী দেশের সবচেয়ে জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্বকে কারাগার থেকে মুক্ত করার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই নতুন প্রয়াস চালানো হচ্ছে।

উল্লেখ্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একাধিক মামলায় সাজা পেয়ে ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। তবে আপিলে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হওয়া সাজাগুলোর প্রায় সবই ইতিমধ্যে স্থগিত বা বাতিল করা হয়েছে।

আল জাজিরার বরাত দিয়ে পিটিআইয়ের অফিশিয়াল সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দলটির শাসনাধীন খাইবার পাখতুখোয়া প্রদেশের বিভিন্ন এলাকার সমর্থকরা এই মিছিলে যোগ দিচ্ছেন এবং গাড়বহর নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।

এর আগে, ওই অঞ্চলের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন যে, ইমরান খানের সমর্থনের এই বিক্ষোভ কর্মসূচি নির্ধারিত পথেই এগিয়ে যাবে।

তিনি জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে এই লংমার্চটি ইসলামাবাদের ৮০ কিলোমিটার (৫০ মাইল) পশ্চিমে অবস্থিত খৈবারাবাদে পৌঁছাবে এবং সেখানে পৌঁছানোর পর আন্দোলনের পরবর্তী ধাপের কর্মসূচি ঘোষণা করা হবে।