...|...|...

বিশ্ব

ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিতে ডুবল স্বর্ণের খনি, প্রাণ গেল ১৩ শ্রমিকের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪০
Shares
ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিতে ডুবল স্বর্ণের খনি, প্রাণ গেল ১৩ শ্রমিকের

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভারী বৃষ্টির কারণে একটি অবৈধ স্বর্ণের খনিতে পানি ঢুকে অন্তত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন উদ্ধারকারী দলের এক কর্মকর্তা। স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত খনির ভেতর থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার টানা বৃষ্টির ফলে পাশের নদীর পানি বেড়ে খনিতে ঢুকে পড়লে শ্রমিকরা আটকা পড়েন।

উদ্ধারকর্মীদের খনির সরু ও প্রায় ১০০ মিটার গভীর গর্তে নেমে অভিযান চালাতে হচ্ছে। সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় এবং মাটি পিচ্ছিল হয়ে যাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

দেশিয়ানা কার্তিকা বাহারি বলেন, ‘মাঠের পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এতে অংশ নেওয়া কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রচমাওয়ান জানান, খনিতে পানি ঢোকার আগেই ১১ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। মঙ্গলবার কর্তৃপক্ষের কাছে খনিতে শ্রমিক আটকে পড়ার খবর পৌঁছায়।

খনিজ সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় খনিদুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে অবৈধ খনিগুলোতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকা এবং নিয়মনীতি উপেক্ষা করার কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।