...|...|...

বিশ্ব

ইন্দোনেশিয়ায় নিখোঁজ যাত্রীবাহী ফেরি থেকে ৯৭ জন উদ্ধার, মৃত ৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২৭
Shares
ইন্দোনেশিয়ায় নিখোঁজ যাত্রীবাহী ফেরি থেকে ৯৭ জন উদ্ধার, মৃত ৬

ছবি: বানজারমাসিনের ত্রিসাক্তি বন্দরে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা অশ্রুসিক্ত

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া যাত্রীবাহী ফেরি ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ থেকে ৯৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, খারাপ আবহাওয়ার মধ্যে ২৪৩ জন আরোহী নিয়ে চলাচলকারী ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে উদ্ধার অভিযান শুরু করা হয়। এখনো নিখোঁজ যাত্রীদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমন্তান প্রদেশের বানজারমাসিন শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। স্থানীয় সময় রবিবার ভোর ২টার দিকে (শনিবার ১৮:০০ জিএমটি) বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়।

উদ্ধারকারী সংস্থা জানায়, ভোর ৪টা ১০ মিনিটে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘পিটি ভার্গো’র কাছ থেকে প্রথম বিপৎসংকেত পাওয়া যায়। তথ্য অনুযায়ী, ফেরিটি শনিবার সকাল ১০টা ৩৩ মিনিটে সুরাবায়া বন্দর ছাড়ে এবং রবিবার দুপুর ২টার দিকে বানজারমাসিনে পৌঁছানোর কথা ছিল।

উদ্ধার অভিযানে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা, নৌবাহিনী, নৌ-পুলিশসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

ঘটনাস্থলে জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জাভা সাগরের ওই এলাকায় চলাচলকারী অন্যান্য জাহাজগুলোকে কোনো যাত্রী বা ধ্বংসাবশেষের সন্ধান পেলে তা জানাতে সতর্ক করা হয়েছে।

দুর্ঘটনা মোকাবিলায় রবিবার সকালে ত্রিসাক্তি বন্দর এলাকায় একটি বিশেষ অপারেশনস পোস্ট স্থাপন করেছে কর্তৃপক্ষ।