...|...|...

বিনোদন

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ যুবলীগের হামলা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:২৪ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৭
Shares
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ যুবলীগের হামলা

আজমেরী হক বাঁধন ও হামলায় অভিযুক্ত ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

ইতালির মেস্ত্রে শহরে অবস্থানরত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক লাইভে অভিনেত্রী বাঁধন নিজেই এ অভিযোগ করেন। হামলার ঘটনায় আওয়ামী লীগের বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমের সাথে যুক্ত প্রবাসী কর্মীদের দায়ী করে অভিযোগ তোলেন এই অভিনেত্রী।

ফেসবুক লাইভে অভিনেত্রী অভিযোগ করেন, এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সাথে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুঁড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।

এ সময় তার সাথে ভাইয়ের ছোট বাচ্চা ছিল জানিয়ে তিনি বলেন, তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। তারা বলেছে- আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।

হামলাকারীদের বঙ্গবন্ধুর সৈনিক দাবি করে বাঁধন বলেন, তারা আমাকে জোর করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। তারা সেগুলো ভিডিও করেছে। সেগুলো তারা লাইভ করছিল। আপলোড করছিল।

ভিডিওর এক অংশে আজমেরী হক বাঁধন বলেন, আমি বলবো- আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিৎ ছিল, আপনারা তা করতে পারেননাই। আপনারা ভেবেছেন- এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।