মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অপরাধীদের স্বাভাবিক জীবনে ফেরাতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম। একাধিকবার মাদক মামলায় জড়িয়ে জামিনে মুক্তির পর ফের একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ থাকা দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম।
জানা গেছে, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের শাহজালাল ও হেলালের বিরুদ্ধে একাধিকবার মাদকসংক্রান্ত মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে জামিনে বেরিয়ে তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়তেন বলে স্থানীয়দের অভিযোগ ছিল। বিষয়টি জানতে পেরে তাদের বিরুদ্ধে শুধু আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে জীবনযাপনে পরিবর্তন আনার উদ্যোগ নেন ওসি।
এর অংশ হিসেবে স্থানীয়দের সহযোগিতায় শাহজালাল ও হেলালকে থানায় ডেকে নেওয়া হয়। পরে নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে তাদের সংশোধনের উদ্দেশ্যে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।
তিন দিন তাবলিগে থাকার পর মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা কচুয়া থানায় ফিরে ওসি আজিজুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। এ সময় নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করেন তারা।
শাহজালাল ও হেলাল বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা করবে এবং ভবিষ্যতে মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে আর জড়িত হবো না।
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়। তাদের নৈতিকভাবে পরিবর্তন করতে হবে। আমরা চাই তারা সত্যিকারের ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক।
ওসির এমন উদ্যোগে স্থানীয় সচেতন মহলের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মতে, মাদকবিরোধী অভিযান ও আইনি ব্যবস্থার পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের সংশোধনের সুযোগ দেওয়া হলে তাদের স্বাভাবিক জীবনে ফেরানোর পথ তৈরি হতে পারে।


