ঢাকার আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৭ জনকে আটক করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ১৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে আজ বেলা ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়ার বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং মাঠ থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়ার বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং মাঠে ২০ থেকে ২৫ জনের একটি দল জড়ো হয়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় ছাত্রদল নেতারা তাদের আটক করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি ব্যানার ও লাঠিসোঁটা জব্দ করা হয়।
আশুলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, কিছু পোলাপান জোরপূর্বক হাউজিংয়ের ভিতর গাড়ি ঢোকানোর চেষ্টা করছিল। আমাদের দেখে অনেকে পালিয়ে যায়। ওরা ২০-২৫ জন ছিল। তাদের মোবাইল চেক করার পর দেখি, ‘দুর্দিনের সৈনিক লীগ’ এ ধরনের বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপ পাই। সবগুলোর নাম আমার মনে নেই। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন দিই। সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী আসে। এ সময় তাদের হেফাজত থেকে ব্যানার, এক ব্যাগ লাঠি পাওয়া যায়। লাঠির ওপর লেখা ‘জিরাবো’।
তিনি আরও বলেন, ওপর থেকে তাদের এসব সরবরাহ করা হচ্ছিল, এ অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য তাদের পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসা করা হলে তারা স্বীকার করেন, শ্রমিক আন্দোলনের সময় পিকআপ ভাঙচুরের ঘটনাগুলো তারাই করেছেন। পাশের যে কারখানাটি টেক্সটাউন, সেটিতেও তারা ভাঙচুর চালিয়েছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। আটকদের মধ্যে কিছু কম বয়সী তরুণও রয়েছে। সার্বিক বিষয় খতিয়ে দেখে এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


