প্রায় প্রতিদিনের রান্নায় ব্যবহৃত হয় আলু। তাই একসাথে বেশি পরিমাণে কিনে রাখেন অনেকেই। কিন্তু সঠিকভাবে সংরক্ষণ না করলে কিছুদিনের মধ্যেই আলুতে অঙ্কুর গজাতে পারে, নরম হয়ে যেতে পারে কিংবা পচন ধরতে পারে। কয়েকটি সহজ নিয়ম মেনে চললে দীর্ঘদিন আলু ভালো রাখা সম্ভব।
আলু সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জায়গা নির্বাচন। অতিরিক্ত গরম, আর্দ্রতা ও আলো আলুতে অঙ্কুর গজানোর প্রক্রিয়া বাড়িয়ে দিতে পারে। তাই আলু রাখতে হবে তুলনামূলক ঠান্ডা, শুকনো ও অন্ধকার জায়গায়।
পেঁয়াজ-রসুনের সাথে নয়
আলু ও পেঁয়াজ একসাথে রাখার অভ্যাস থাকলে তা বদলানো ভালো। পেঁয়াজ ও রসুন থেকে নির্গত গ্যাস এবং আর্দ্রতা আলুর দ্রুত নষ্ট হওয়া বা অঙ্কুর গজানোর ঝুঁকি বাড়াতে পারে। তাই এগুলো আলাদা জায়গায় রাখুন।
প্লাস্টিকের ব্যাগ এড়িয়ে চলুন
বাজার থেকে আনার পর আলু প্লাস্টিকের ব্যাগে রেখে দেওয়া ঠিক নয়। এতে বাতাস চলাচল কমে গিয়ে ভেতরে আর্দ্রতা জমতে পারে। ফলে আলুতে পচন ধরার সম্ভাবনা বাড়ে। এর পরিবর্তে জালের ঝুড়ি, পাটের ব্যাগ বা সুতির ব্যাগ ব্যবহার করতে পারেন।
কাগজের ব্যাগও হতে পারে ভালো উপায়
আলো থেকে আলুকে দূরে রাখতে কাগজের ব্যাগ ব্যবহার করা যায়। এটি আলুকে অন্ধকারে রাখার পাশাপাশি কিছুটা আর্দ্রতাও শোষণ করতে পারে। তবে ব্যাগটি এমন হতে হবে যাতে বাতাস চলাচলের সুযোগ থাকে।
চুলার পাশে রাখবেন না
রান্নাঘরের চুলা, ওভেন বা অন্য কোনো তাপের উৎসের পাশে আলু রাখা উচিত নয়। বেশি তাপ আলু দ্রুত নষ্ট হওয়ার কারণ হতে পারে। বরং বাড়ির এমন একটি জায়গা বেছে নিন, যেখানে তাপ কম এবং বাতাস চলাচল করে।
নিয়মিত দেখে নিন
সংরক্ষণ করা আলুগুলো কয়েক দিন পরপর পরীক্ষা করুন। কোনো আলুতে পচন বা অতিরিক্ত অঙ্কুর দেখা দিলে সেটি দ্রুত আলাদা করে ফেলুন। একটি নষ্ট আলু দীর্ঘসময় অন্যগুলোর সাথে থাকলে পাশের আলুগুলোও নষ্ট হওয়ার ঝুঁকি বাড়তে পারে।
সঠিক জায়গা ও উপযুক্ত পদ্ধতিতে আলু সংরক্ষণ করলে অঙ্কুর গজানো ও পচন অনেকটাই কমানো যায়। এতে আলু দীর্ঘসময় ভালো থাকার পাশাপাশি অপ্রয়োজনীয় খাবারের অপচয়ও কমানো সম্ভব।



