...|...|...

বিশ্ব

আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৩
Shares
আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণাঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)। একই সাথে মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে শুক্রবার পর্যন্ত পূর্ব ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং আর্দ্রতা ৯০ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কুয়াশার কারণে লাল ও হলুদ সতর্কতা জারি করে এনসিএম। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ পরিস্থিতিতে আবুধাবি পুলিশ গাড়িচালকদের রাস্তার পাশের ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তনশীল গতিসীমা মেনে চলার আহ্বান জানিয়েছে।

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দেশের পূর্ব ও উত্তরাঞ্চলে পরিচলন মেঘের প্রভাবে বৃষ্টি হতে পারে। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবারও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার বিকেলে এবং শুক্রবার বিকেলে এসব অঞ্চলে বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে।

আগামী কয়েক দিন আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও রাত ও ভোরে আর্দ্রতা বাড়বে। উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় আর্দ্রতার মাত্রা ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে কুয়াশা বা ধোঁয়াশা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

দেশটির অভ্যন্তরীণ অঞ্চলে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপকূলীয় এলাকা ও দ্বীপগুলোতে তা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি এবং পার্বত্য অঞ্চলে ২৩ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২৫ কিলোমিটার থাকতে পারে। তবে কোথাও কোথাও তা ঘণ্টায় ৩৫ কিলোমিটার এবং শুক্রবার ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এতে মেঘাচ্ছন্ন এলাকায় ধুলা উড়তে পারে।

শনিবারও আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিকেলে পূর্বাঞ্চলে পরিচলন মেঘ তৈরি হতে পারে। এদিন বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আরব উপসাগর ও ওমান সাগরে সমুদ্র পরিস্থিতি শান্ত থেকে হালকা থাকবে।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আবহাওয়ার এই পরিবর্তনের মধ্যে বিশেষ করে কুয়াশাপ্রবণ এলাকায় গাড়িচালকদের সতর্ক থাকতে এবং সড়কে নির্ধারিত গতিসীমা মেনে চলতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।