যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় সাফল্যকে পরিবর্তনের পক্ষে জনগণের রায় হিসেবে দেখছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, মার্কিন ভোটাররা রাজনীতিতে নতুন ধারা ও কার্যকর নেতৃত্ব প্রত্যাশা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওবামা বলেন, ‘আজ রাতে আমেরিকান জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এমন রাজনীতি চায়, যা মানুষকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করবে। পাশাপাশি এমন নেতৃত্ব চায়, যারা সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান দিতে পারবে।’
নির্বাচন সামনে রেখে মিশিগান ও জর্জিয়ার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের কয়েকজন প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন ওবামা।
পোস্টে তিনি আরও বলেন, ‘এখন আমাদের কাজ হলো হাতা গুটিয়ে কাজে নেমে পড়া। যেখানে আমাদের ক্ষমতা রয়েছে, সেখানে পরিবর্তন আনা, আরও ক্ষতি ঠেকানো এবং ভবিষ্যতের জন্য ভিত্তি গড়ে তোলা।’


