...|...|...

বিশ্ব

জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৫
Shares
জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ও ধনকুবের ব্যবসায়ী রিক জ্যাকসনকে পরাজিত করে এ বিজয় অর্জন করেন আটলান্টার সাবেক এই মেয়র।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হচ্ছেন বটমস। তাকে পরাজিত করতে জ্যাকসন নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ নির্বাচনী প্রচারণায় ব্যয় করেছিলেন। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বটমসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অঙ্গরাজ্যটির কৃষ্ণাঙ্গ ভোটাররা। আগাম ভোটের সময় তাদের বিপুল উপস্থিতি নির্বাচনে ডেমোক্র্যাটদের শক্ত অবস্থান তৈরিতে সহায়তা করে।

নির্বাচনী প্রচারণায় রিপাবলিকানরা আটলান্টার মেয়র থাকাকালে বটমসের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তাদের অভিযোগ ছিল, তার শাসনামলে শহরটিতে অপরাধ বেড়েছে এবং পরিস্থিতির অবনতি হয়েছে। তবে অ্যাসোসিয়েটেড প্রেসকে বটমস বলেন, ‘আটলান্টাকে একটি বড় ও খারাপ জায়গা হিসেবে চিত্রিত করার কৌশলটি অনেক পুরনো।’

এ জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো জর্জিয়ায় একজন কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নর পদে মনোনয়ন দিয়ে সফল হলো ডেমোক্র্যাটরা। এর আগে ২০১৮ ও ২০২২ সালে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করে রিপাবলিকান ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন স্টেসি আব্রামস।

দুই মেয়াদে আট বছর দায়িত্ব পালনের পর মেয়াদের সীমাবদ্ধতার কারণে আগামী জানুয়ারিতে গভর্নরের পদ ছাড়ছেন কেম্প। তার স্থলাভিষিক্ত হয়ে জর্জিয়ার নেতৃত্ব দেবেন কেইশা ল্যান্স বটমস।