ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখেছিল তেহরানের ১০ বছর বয়সী এক শিক্ষার্থী। শিশুটির সেই আবেগঘন চিঠির উত্তর দেওয়ার পাশাপাশি তার জন্য বিশেষ উপহারও পাঠিয়েছেন সর্বোচ্চ নেতা।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর তেহরানের বাসিন্দা আলিরেজা বাখশি ইরাজ নামের ওই শিক্ষার্থী সর্বোচ্চ নেতার উদ্দেশে চিঠিটি লেখে। চিঠিতে সে তার দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ইসলামি যোদ্ধাদের সহায়তার জন্য কিছু অর্থ উপহার পাঠায়। একই সাথে সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে তাকে বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা জানায়।
চিঠিটি হাতে পাওয়ার পর গত ১১ অক্টোবর তার জবাব দেন মোজতবা খামেনি। জবাবে শিশুটিকে 'প্রিয় বন্ধু' সম্বোধন করে আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান তিনি।
জবাবে সর্বোচ্চ নেতা লেখেন, ‘তোমার সুন্দর চিঠির জন্য ধন্যবাদ। তবে আমার জন্ম এসফান্দ মাসে (ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু)। তোমার উপহারের বিপরীতে তোমাকে একটি পাল্টা উপহার পাঠাচ্ছি। তোমার পরিবারের সবাইকে আমার সালাম জানাবে।’ চিঠির শেষে শিশুটির চমৎকার হাতের লেখাসুন্দরতারও প্রশংসা করেন তিনি।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে সর্বোচ্চ নেতার পক্ষ থেকে শিশুটিকে উপহার দেওয়ার কথা উল্লেখ করা হলেও, সেই উপহারটি ঠিক কী ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

