...|...|...

সারাদেশ

আবাসিক হোটেল থেকে ধরা ছাত্রলীগ নেতা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৮
Shares
আবাসিক হোটেল থেকে ধরা ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় হোটেলের ম্যানেজার ও এক কর্মীকেও আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে নগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে এ অভিযান চালানো হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ছাত্রলীগ নেতার নাম দেলোয়ার হোসেন। তিনি গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল তোয়াক্কুল গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং বর্তমানে সিলেট জেলা যুবলীগের নেতা। অন্য দুজন হলেন হোটেলটির ম্যানেজার শাহীন মিয়া (৪৩) এবং কর্মী শামসুল আমিন। শাহীন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আসামপুর গ্রামের মৃত দরুস মিয়ার ছেলে। শামসুল একই উপজেলার সাংদাত্তরাই গ্রামের মুক্তার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেল পলাশের একটি কক্ষে ছাত্রলীগ নেতা দেলোয়ার অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হোটেলটির সামনে জড়ো হন। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় এয়ারপোর্ট থানা পুলিশ। পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে দেলোয়ারকে আটক করেন। এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নেতাকর্মীরা হোটেলের সামনে এয়ারপোর্ট-আম্বরখানা সড়কে বিক্ষোভ করেন। এ সময় ছাত্রলীগ নেতার ব্যবহৃত পালসার মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ও এলাকাবাসী যৌথভাবে হোটেলটিতে অভিযান চালায়। প্রথমে হোটেল ম্যানেজার সেখানে ছাত্রলীগ নেতা নেই বলে পুলিশকে জানান। পরে তল্লাশি চালিয়ে দেলোয়ারকে আটক করা হয়।

তিনি আরও জানান, ছাত্রলীগ নেতার অবস্থান সম্পর্কে ভুল তথ্য দিয়ে পুলিশকে অসহযোগিতা করার অভিযোগে হোটেল ম্যানেজার এবং তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে আরেক কর্মীকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক দেলোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিক একটি ঘটনার সাথেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব বিষয় পর্যালোচনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। আটক দেলোয়ারকে ওই দিনই আদালতে সোপর্দ করা হবে।