দীর্ঘ আট বছর পর মাঠে গড়াচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। টুর্নামেন্টের এবারের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার—সাকিব আল হাসান ও নাহিদ রানা। ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবকে দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক, আর তরুণ গতিতারকা নাহিদ রানাকে বেছে নিয়েছে টিম পাকতিয়া।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এপিএলের খেলোয়াড় বাছাইয়ে এই দলবদল সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে তাদের দল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আয়োজক কর্তৃপক্ষ।
এর আগে ড্রাফটের ডায়মন্ড ও প্ল্যাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের দশজন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ডায়মন্ড ক্যাটাগরির দ্বিতীয় রাউন্ডে দল পেলেন সাকিব ও নাহিদ। এই ক্যাটাগরিতে সাকিব-নাহিদের পাশাপাশি লিটন দাস, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলামের নামও ছিল। এছাড়া সর্বোচ্চ প্ল্যাটিনাম ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
এবারের এপিএলে নানগারহার কসমিকের নেতৃত্বে থাকছেন আফগানিস্তানের তারকা ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। দলটির প্রধান কোচের দায়িত্বে টবি রেডফোর্ড এবং মেন্টর হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মার্ক বাউচার। ফলে সাকিবের সামনে তারকা এই কোচিং প্যানেলের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
অন্যদিকে নাহিদ রানার দল টিম পাকতিয়ার অধিনায়ক রহমত শাহ। দলটির প্রধান কোচ হিসেবে আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ এবং মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। গতিময় পেসার নাহিদ পেস কিংবদন্তি ওয়াকার ইউনিসের সান্নিধ্যে নিজের দক্ষতা আরও শাণিত করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। পাঁচ দলের সেই টুর্নামেন্টে মোহাম্মদ নবীর নেতৃত্বাধীন বালখ লিজেন্ডস চ্যাম্পিয়ন হয়েছিল।

