...|...|...

জাতীয়

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, সকাল ৮:২৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৫
Shares
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

জরুরি নির্মাণকাজ ও বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণের জন্য রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকায় আজ শনিবার (১০ অক্টোবর) দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে বগুড়ার কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা এবং রাজশাহীর কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, বগুড়ায় জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের কাছে সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ কাজের জন্য নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন ৩৩ কেভি রহমান নগর ও ৩৩ কেভি বনানী ফিডার বন্ধ রাখা হবে।

শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা এসব ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি নির্মাণকাজের কারণে সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট গ্রাহকদের সহযোগিতা চেয়েছে নেসকো কর্তৃপক্ষ।

অন্যদিকে, রাজশাহীতে বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার জন্য কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তেঘর থেকে বাগধানী এলাকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।