সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিস্টেম উন্নয়নকাজের জন্য আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিগঞ্জ সাব জোনাল অফিসের ১ ও ২ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন ও সিস্টেম উন্নয়নের জরুরি কাজ পরিচালনা করা হবে। এই কাজের স্বার্থেই ওই তিন ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
শান্তিগঞ্জ সাব জোনাল অফিসের ১ ও ২ নম্বর ফিডারের আওতাভুক্ত শান্তিগঞ্জ বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ চত্বর, শান্তিগঞ্জ থানা ও ফায়ার সার্ভিস স্টেশন, সুলতানপুর, ডুংরিয়া, শিবপুর, জয়কলস, নোয়াগাঁও, উজানীগাঁও এবং ডুংরিয়া আগার পয়েন্টসহ আশপাশের অন্যান্য এলাকায় এই সময়ে বিদ্যুৎ থাকবে না।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সংস্কারকাজ শেষ হওয়ার সাথে সাথেই দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে। রক্ষণাবেক্ষণ কাজের এই সময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


