...|...|...

বিশ্ব

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩০
Shares
আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন চাইলে আজ রবিবারই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা হামলা চালাতে পারে। তবে একই সাথে তেহরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর পথও খোলা রেখেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পর পাম বিচ কাউন্টি সুপারভাইজার অব ইলেকশনস কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।

ইরানে নতুন করে হামলার প্রস্তুতি ও চিন্তা কতটা এগিয়েছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা বিষয়টি নিয়ে ভাবছি এবং হতে পারে আগামীকালই (রবিবার) তা ঘটে যেতে পারে। এরপর সাংবাদিকদের উদ্দেশে রহস্যের সুরেই তিনি যোগ করেন, আমি কি হামলা চালাব কি না, তা কি আসলেই আপনাদের আগে থেকেই বলে দেব?

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের সাথে একটি সমঝোতা চুক্তিতে আসার মাধ্যমে ইরান এখনও সামরিক সংঘাত এড়াতে পারে। তার ভাষায়, তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু মূল সমস্যা হলো তারা কি শেষ পর্যন্ত সেই চুক্তিতে টিকে থাকবে?

ইরান যেন কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র অর্জনে সফল হতে না পারে, সেটাই তার প্রধান লক্ষ্য বলে স্পষ্ট জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে বি-২ বোমারু বিমান দিয়ে পরিচালিত সামরিক অভিযানকে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যথেষ্ট নয় উল্লেখ করে ট্রাম্প বলেন, আমাকে এই সিদ্ধান্তের একটি স্থায়ী সমাধান করতে হবে। আর একমাত্র সেই কারণেই আমি পদক্ষেপ নিচ্ছি। এ সময় কোনো সুনির্দিষ্ট প্রমাণের উদ্ধৃতি ছাড়াই তিনি দাবি করেন যে, সংঘাত শুরুর আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে তেল ও জাহাজ চলাচল বরং বৃদ্ধি পেয়েছে।

পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা না দিয়ে সামরিক অভিযান এবং কূটনৈতিক আলোচনা—উভয় পথই খোলা রেখেছেন ট্রাম্প। তিনি বলেন, আমাকে হয়তো বিষয়টি পুরোপুরি শেষ করতে হবে, অথবা তারা শেষ পর্যন্ত কোনো চুক্তিতে রাজি হবে। তবে আমি এখনও নিশ্চিত নই। যে পথেই হোক না কেন, জয় আমাদেরই হবে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। আমেরিকানদের ‘ভীতু’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা সবকিছু এলেমেলো করে দিয়েছে। তবে এই জটিল পরিস্থিতির মধ্যেও তেহরানের উচিত চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চালিয়ে যাওয়া—এমন মতই ব্যক্ত করেছেন তিনি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই ত্রিপক্ষীয় সংঘাত পরবর্তীতে সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিভিন্ন সময়ে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে আলোচনা হলেও এই দীর্ঘস্থায়ী সংকটের সুনির্দিষ্ট কোনো স্থায়ী সমাধান এখনও অর্জিত হয়নি।