কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে গোপনে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগে মুজাহিদুল ইসলাম নামের ওই কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন।
বুধবার (২৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে কি না, জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে। গ্রেফতার করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে ওই এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে গোপনে যোগাযোগ রাখার অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ডার জাহাংগীর আলমকে গ্রেফতার করা হয়েছিল।


