...|...|...

সারাদেশ

আইসিইউতে শয্যা না পেয়ে চিকিৎসককে লাঞ্ছিত করলেন বিএনপি নেতার ভাই

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৭
Shares
আইসিইউতে শয্যা না পেয়ে চিকিৎসককে লাঞ্ছিত করলেন বিএনপি নেতার ভাই

ছবি: নিজস্ব

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রকিবুল হাসান রিপন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ভাই এবং মুক্তিযোদ্ধা আহম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের মানবসম্পদ ট্রেডের সহকারী অধ্যাপক। আইসিইউতে একটি শয্যা নেওয়াকে কেন্দ্র করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেন চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান।

আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, সকালে পুরুষ ওয়ার্ডের কেবিনে ভর্তি এক রোগীকে নিয়ে আসেন রকিবুল হাসান রিপন। এ সময় আইসিইউ বিভাগে একটি শয্যার জন্য বারবার অনুরোধ করেন তিনি। কিন্তু আইসিইউ বিভাগের কোনো শয্যা খালি ছিল না। একজন রোগীকে অন্য বিভাগে স্থানান্তর করে ওই রোগীকে শয্যা দেওয়ার কথা বলেন রিপন। অন্য রোগীকে সরিয়ে কোনোভাবেই শয্যা দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন চিকিৎসক।

এরপরও বারবার অনুরোধ করায় বিরক্ত হয়ে কচলাকচলি না করার আহ্বান জানান তিনি। পরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন রিপন। ঘটনার একপর্যায়ে তাকে মারতে তেড়ে আসেন রিপন। দরজা পেরিয়ে ভেতরে প্রবেশেরও চেষ্টা করেন। এ সময় আইসিইউ বিভাগে থাকা রোগীদের স্বজনরা দরজা বন্ধ করে দেন। এতে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে রকিবুল হাসান রিপন জানান, তিনি শয্যার জন্য বারবার অনুরোধ করেছেন। তবে চিকিৎসকের মুখে ‘কচলাকচলি’ শব্দটি শুনে আপত্তি জানান তিনি। এ সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন। গালিগালাজের কথা স্বীকার করলেও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন তিনি।