...|...|...

বিশ্ব

আইএইএপ্রধানকে ‘শত্রুর এজেন্ট’ বললেন ইরানের পরমাণুপ্রধান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, রাত ১:০৮
Shares
আইএইএপ্রধানকে ‘শত্রুর এজেন্ট’ বললেন ইরানের পরমাণুপ্রধান

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার গুরুতর অভিযোগ তুলেছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি দাবি করেছেন, গ্রোসি কার্যত ইরানের শত্রুদের এজেন্ট হিসেবে কাজ করছেন এবং তাদের কাছে তথ্য সরবরাহ করছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ ইসলামি বলেন, আইএইএপ্রধান রাফায়েল গ্রোসি ‘কার্যত আমাদের শত্রুর এজেন্ট ও অনুগত অনুসারীতে পরিণত হয়েছেন এবং তাদের কাছে তথ্য সরবরাহ করছেন।’

তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ক্ষমতার এমন অপব্যবহার তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। একই সঙ্গে এটি জাতিসংঘ সনদ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) গুরুতর দুর্বলতাও প্রকাশ করছে।

এর আগে গত সেপ্টেম্বরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএর সদর দফতরে অনুষ্ঠিত সংস্থাটির বার্ষিক সাধারণ সম্মেলনে অংশ নিতে পারেননি মোহাম্মদ ইসলামি। তাঁকে সম্মেলনে যোগ দিতে বাধা দেওয়া হয়। ওই সময় তেহরান অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্রের চাপেই অস্ট্রিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে ক্রমাগত চাপ বাড়িয়ে আসছে আইএইএ। সংস্থাটি বলছে, এসব স্থাপনায় দ্রুত পরিদর্শনের সুযোগ পাওয়া জরুরি।

তবে তেহরানের অবস্থান ভিন্ন। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হওয়া পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের ক্ষেত্রে ‘বিশেষ ব্যবস্থা’ গ্রহণ করতে হবে।