রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মস্কো সফরকালে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই রুশ প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে এই বার্তা পৌঁছে দেন। তবে বার্তায় ঠিক কী রয়েছে, সে বিষয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো কিছু জানায়নি।
রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের মিত্রতা থাকলেও সাম্প্রতিক সময়ে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে সম্পর্কে কিছুটা পরিবর্তন এসেছে। তা সত্ত্বেও মস্কো তেহরানকে কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে।
এরই মধ্যে ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেলেই এই হামলা শুরু হবে।
পেন্টাগনের কর্মকর্তা ও সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এবারের হামলাটি স্বল্পকালীন হলেও এর তীব্রতা হবে অত্যন্ত বেশি। হামলা পরিচালনার জন্য ১২টি যুদ্ধজাহাজে হাজার হাজার নৌ ও বিমান সেনাকে প্রস্তুত রাখা হয়েছে।
এই সম্ভাব্য হামলায় ইরানের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ড্রোন-মিসাইল উৎপাদন কেন্দ্রগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হতে পারে।


