...|...|...

বিশ্ব

অস্ট্রেলিয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ এআই নির্মিত গান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, রাত ৯:৩৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:০২
Shares
অস্ট্রেলিয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ এআই নির্মিত গান

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার অফিশিয়াল সংগীত চার্ট থেকে শতভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গান নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় সংগীতাঙ্গন ও শিল্পীদের জীবিকার ওপর জেনারেটিভ এআইয়ের নেতিবাচক প্রভাব ঠেকাতে দেশটির রেকর্ডিং শিল্প এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

অস্ট্রেলিয়ান রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এআরআইএ) জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) থেকে সম্পূর্ণ এআই-নির্মিত কোনো গান তাদের মূল চার্টে স্থান পাবে না। তবে মানুষের তৈরি মূল গানের প্রক্রিয়ায় আংশিকভাবে এআই ব্যবহার করা হলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তা বিবেচনার সুযোগ থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, চার্টে জায়গা পেতে হলে গানের সুর, কথা, মূল কণ্ঠ ও বাদ্যযন্ত্র পরিবেশনা মানুষের হতে হবে। পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে আইনি অনুমোদন থাকতে হবে। এমনকি পুরোপুরি এআই-নির্মিত কোনো গান মর্যাদাপূর্ণ এআরআইএ অ্যাওয়ার্ডের জন্যও যোগ্য হবে না।

সম্প্রতি এআই দিয়ে তৈরি ম্যাডোনার ‘লাইক আ প্রেয়ার’ গানের একটি নতুন সংস্করণ টানা ১৬ সপ্তাহ দেশটির শীর্ষ ২০ গানের তালিকায় থাকায় আলোচনা জোরদার হয়। এআরআইএ-র প্রধান নির্বাহী অ্যানাবেল হার্ড জানান, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই সময়ে প্রকৃত মানবসৃষ্ট শিল্প ও সৃজনশীলতাকে সুরক্ষা দিতেই এই উদ্যোগ।

উল্লেখ্য, গত জুলাইয়ে লন্ডনভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রিও (আইএফপিআই) এআই সংগীতের বিষয়ে একই ধরনের বাধ্যবাধকতা জারি করেছিল।