...|...|...

খেলা

অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৫০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৬
Shares
অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা

ছবি: সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে অবসরের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ওলিভিয়ার জিরুদ। ৪০ ছুঁই ছুঁই বয়সে দাঁড়িয়ে আগামী মৌসুমেই বুট জোড়া তুলে রাখার কথা জানিয়েছেন অভিজ্ঞ এই ফরাসি তারকা।

ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে জিরুদ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার মনে হয়, পেশাদার ফুটবলে খুব সম্ভবত এটিই হতে যাচ্ছে আমার শেষ মৌসুম। আর এ কারণেই মাঠের প্রতিটি মুহূর্ত আমি এখন পুরোপুরি উপভোগ করার চেষ্টা করছি।’

ফ্রান্স জাতীয় দলের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপজয়ী দলের অন্যতম মূল কারিগর ছিলেন জিরুদ। ফরাসিদের হয়ে ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে তিনি মোট ৫৭টি গোল করেছেন।

২০২২ কাতার বিশ্বকাপে কিংবদন্তি থিয়েরি অঁরিকে টপকে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন জিরুদ। যদিও সম্প্রতি তাকে পেছনে ফেলে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও জিরুদের ঝুলিতে রয়েছে রঙিন সাফল্য। ফরাসি ক্লাব মন্টপেলিয়ে ও ইতালিয়ান পরাশক্তি এসি মিলানের হয়ে লিগ শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার।

২০২১ সালে চেলসির হয়ে জিতেছেন মর্যাদাপূর্ণ ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ। এ ছাড়া আর্সেনাল ও চেলসির হয়ে ক্যারিয়ারে মোট চারবার ঐতিহ্যবাহী এফএ কাপের ট্রফি উঁচিয়ে ধরেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।