বিভিন্ন জল্পনার পর অবশেষে আগ্রার তাজমহল পরিদর্শনের অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে দিল্লির হজরত নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (২১ নভেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৫ সালে পেহেলগাম সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফর করছেন। দিল্লিতে চলমান সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মুসাদ্দিক মালিক।
এর আগে এনডিটিভি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, সফরের ফাঁকে তাজমহল ও দিল্লির হজরত নিজামুদ্দিন দরগা পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী। শুরুতে এসসিও কর্মসূচির বাইরে অন্য কোথাও যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
তবে পরে তাজমহল পরিদর্শনের অনুমতি দেওয়া হয়। একই সাথে মুসাদ্দিক মালিকের নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল দিল্লির আরও কয়েকটি স্থান ঘুরে দেখতে পারবেন। এর মধ্যে রয়েছে হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট।
তবে নিজামুদ্দিন দরগায় যাওয়ার প্রস্তাব অনুমোদন করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়েই এই অনুমতি দেওয়া হয়নি।


