...|...|...

সারাদেশ

অফিসে ঝিমাচ্ছিলেন মাস্টার-পয়েন্টসম্যান, পরিত্যক্ত লাইনে ঢুকে গেল ট্রেন

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৯ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪১
Shares
অফিসে ঝিমাচ্ছিলেন মাস্টার-পয়েন্টসম্যান, পরিত্যক্ত লাইনে ঢুকে গেল ট্রেন

জামালপুরে পরিত্যক্ত লাইনে ঢুকে গেল ট্রেন। ছবি: টাইমস টুডে

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস পরিত্যক্ত লাইনে ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে । স্টেশন মাস্টার এবং পয়েন্টসম্যান এসময় অফিস কক্ষে ঝিমাচ্ছিল বলে জানা গেছে।

চালকের বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে ওই ট্রেন। এ ঘটনায় ৩০ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি। সোমবার (২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে স্টেশনে কর্মরতদের সাথে কথা বলে জানা গেছে, বিকেল তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নরুন্দি স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি দুই নম্বর লাইনে ঢুকার কথা।

পরিত্যক্ত তিন নম্বর লাইনে ট্রেনটি ঢুকে গেলে স্টেশনের মাঝামাঝি কাটা লাইনে ক্রস পিলার দেখে দ্রুত ট্রেনটি থামায় চালক। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হলেও পরে পিছিয়ে গিয়ে ক্রসিং ঠিক করে দুই নম্বর লাইনে ঢুকে ট্রেনটি।
এতে আধঘণ্টা সময় নষ্ট হয়। বিকেল সাড়ে তিনটার দিকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি।

রেলওয়ে স্টেশনের ব্যবসায়ী বকুল মিয়া বলেন, স্টেশনে মাস্টারসহ পয়েন্টসম্যান মজিবরও ছিল। ট্রেন ঢুকার কথা দুই নম্বর লাইনে কিন্তু তিন নম্বরে ঢুকে যায়। ট্রেনের গতি কম থাকায় চালকের বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

জানা গেছে, পাথর নামানোর জন্য তিন নম্বর লাইনের অর্ধেক লাইন চালু রাখা হয়েছে। ম্যানুয়ালি সেই পয়েন্ট পরিবর্তন করা হয়।

পয়েন্টসম্যান মজিবুর রহমান বলেন, ভুলে পয়েন্ট পরিবর্তন করা হয়নি। পাথরের ট্রেন বারবার ঢুকে বারবার পয়েন্ট পরিবর্তন করতে হয়। এটা ভুল হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নরুন্দি রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন সালাফী বলেন, ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তনের কথা থাকলেও তা করা হয়নি। ভুলে ট্রেনটি তিন নম্বর লাইনে ঢুকে গিয়েছিল। কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।

কর্মচারী মজিবুর এবং স্টেশন মাস্টার দেওয়ান হারুন অফিসে ঝিমানোর কথা অস্বীকার করলেও পরিত্যক্ত লাইনে ট্রেন ঢুকে যাওয়ার ঘটনাকে ভুলে ঘটেছে বলে স্বীকার করেন।