...|...|...

সারাদেশ

অপ্রতীম হত্যার পর কুমিল্লায় পুলিশের জোরালো অভিযান, আটক ২২৯৪

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৫
Shares
অপ্রতীম হত্যার পর কুমিল্লায় পুলিশের জোরালো অভিযান, আটক ২২৯৪

অপ্রতীম হত্যার পর কুমিল্লায় জোরালো অভিযান। ছবি: সংগৃহীত

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে আরও ২৫২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় ষষ্ঠ দফায় এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে ছয় দফার অভিযানে আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯৪ জনে।

শুক্রবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মাদক সেবন, ছিনতাই, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের পাশাপাশি গুরুতর অপরাধ ও হত্যাকাণ্ডেও কিশোরদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতীম হত্যাকাণ্ডের শিকার হয়। মর্মান্তিক এ ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর থেকেই এসব অপরাধ নিয়ন্ত্রণে অভিযান জোরদার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গত ২ অক্টোবর পর্যন্ত পাঁচ দফার অভিযানে ২ হাজার ৪২ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৬৩৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে, বাকি ১ হাজার ৪০৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলোচিত কিশোর গ্যাং ‘টিম-আর’ ও ‘ক্রাইম সেটআপ’-এর চার নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

লুৎফর রহমান বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ধরনের অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।