অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিন জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন তুহিন, আনাস ও ফাহিম।
কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ সূত্রে বিষয়টি জানা যায়।
এর আগে এ ঘটনায় তুহিন নামে এক ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে প্রথম আটক করা হয়। এরপর আনাস ও ফাহিমকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পর অপ্রতিমের ব্যবহৃত মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। এ তথ্য পাওয়ার পর শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন।
একপর্যায়ে ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতীমের লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া বলেন, অপ্রতীমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে তুহিন ও আনাস নামে দুইজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।


