...|...|...

সারাদেশ

নিবন্ধন ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫১ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০০
Shares
নিবন্ধন ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ

ইলিশ। ছবি: সংগৃহীত

অনলাইনে চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে প্রতারণা রোধ এবং মাছটির সুনাম ও মান বজায় রাখতে বিশেষ পদক্ষেপ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। এখন থেকে ইন্টারনেটে বা সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদপুরের ইলিশ বিক্রি করতে হলে জেলা প্রশাসন থেকে নির্ধারিত লাইসেন্স বা নিবন্ধন গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

এ বিষয়ে গত বুধবার (৪ নভেম্বর) বিশেষ বিজ্ঞপ্তি জারি করে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদপুরের ইলিশের স্বাদ ও সুনাম অক্ষুণ্ন রাখা, মূল্য নিয়ন্ত্রণ এবং জেলার পরিচিতি সমুন্নত রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ভুয়া ফেসবুক পেজ খুলে দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের সাথে প্রতারণা করছেন। আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে ক্রেতাদের হয়রানি এবং অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে অনলাইনে ইলিশ বিক্রেতাদের নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

লাইসেন্স পেতে আগ্রহী ব্যবসায়ীদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত ফরমে (পরিশিষ্ট-ক) আগামী ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। একই সাথে বিজ্ঞপ্তির পরিশিষ্ট-খ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স সংগ্রহ করতে হবে। আবেদনকারীদের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত যাচাই-বাছাই শেষে লাইসেন্স দেওয়া হবে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, অনলাইনে ইলিশ বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনা হলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণার সুযোগ অনেকটাই কমে আসবে। এ লক্ষ্যেই অনলাইন ব্যবসায়ীদের নিবন্ধনের উদ্যোগ নেয়া হয়েছে।

অন্যদিকে, অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

তিনি জানান, এ ধরনের প্রতারণার বিষয়ে পুলিশ বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে। সেসব অভিযোগের ভিত্তিতে ১১ জনকে গ্রেফতার করে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।