...|...|...

জাতীয়

অতিরিক্ত ডিআইজির বাসা সীসার ধোঁয়ায় আচ্ছন্ন, চলছিল ডিজে পার্টি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০২ | আপডেট: ২১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:০৪
Shares
অতিরিক্ত ডিআইজির বাসা সীসার ধোঁয়ায় আচ্ছন্ন, চলছিল ডিজে পার্টি

অতিরিক্ত ডিআইজির বাসায় চলছিল ডিজে পার্টি। ছবি: সংগৃহীত

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো। ২০২৫ সাল থেকে চলা এসব আয়োজনে প্রতি মাসে ২০ থেকে ২২টি পার্টি অনুষ্ঠিত হতো। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এসব পার্টিতে অংশ নিতেন তরুণ-তরুণীরা। ওই বাসায় অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভবনটিতে প্রবেশ করে ডিজে পার্টির আয়োজন দেখতে পান তারা। সেখানে প্রায় ২২টি গাড়ি ছিল। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল এবং সীসা সেবনের কারণে পরিবেশ ধোঁয়াচ্ছন্ন ছিল।

ডিসি ইলিয়াস কবিরের দাবি, পার্টিতে উপস্থিত তরুণ-তরুণীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্যাংকারও ছিলেন। সেখানে ২৬ জন তরুণী ছিলেন, যাদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও সেখানে ছিলেন।

উদ্ধার মদ, ইয়াবা ও কুশ

অভিযান চালিয়ে বাসাটি থেকে মদের তিনটি বোতল, ইয়াবা এবং কুশ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া যৌনস্বাস্থ্যসংশ্লিষ্ট সামগ্রীও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্টি বন্ধ হয়ে যায়। এ সময় উপস্থিত ব্যক্তিরা ভবনের বিভিন্ন কক্ষে চলে যান। ভবনটিতে মোট পাঁচটি কক্ষ ছিল।

ডিসি ইলিয়াস কবির জানান, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা এতে যোগ দিতেন। প্রতি মাসে ২০ থেকে ২২টি পার্টির আয়োজন করা হতো। প্রতিটি আয়োজনে অংশ নিতে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো বলে জানান তিনি। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বাসাটি থেকে আটক ৮৫ জনের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, ছেলেদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মেয়েদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।