শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুনের দায়ের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলসহ কয়েকজনের বিরুদ্ধে জারি করা সমন ভারত সরকারের কাছে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে এসব সমন পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন জেলা আদালতের নির্দেশনার পর এ পদক্ষেপ নেওয়া হয়। গত ২৮ অক্টোবর নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতে জমা দেওয়া একটি নথিতে সমন পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।
এর আগে গত ৯ অক্টোবর ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছিল মার্কিন পররাষ্ট্র দফতর। নোটটি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর আইনবিষয়ক প্রতিনিধি গুরপতবন্ত সিং পন্নুন তার বিরুদ্ধে কথিত হত্যাচেষ্টার অভিযোগে ক্ষতিপূরণ দাবি করে যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়ানি মামলাটি করেন।
মামলায় পন্নুন অভিযোগ করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সংশ্লিষ্টতায় তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এ পরিকল্পনার পেছনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ভূমিকা ছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কূটনৈতিক নোটের মাধ্যমে সমন পৌঁছে দেওয়া কেবল একটি প্রক্রিয়াগত পদক্ষেপ। চলমান দেওয়ানি মামলার বিষয়ে এটি যুক্তরাষ্ট্র সরকারের কোনো অবস্থান বা মতামত প্রকাশ করে না।
অন্যদিকে ভারত সরকার পন্নুনের দায়ের করা মামলাকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। কথিত হত্যার পরিকল্পনায় ভারতীয় কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগও ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে নয়াদিল্লি।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া


