...|...|...

সারাদেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৪
Shares
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী

ছবি: টাইমস টুডে

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন, চিকিৎসাসেবা ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা দিয়েছে বান্দরবান সদর জোন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশনা ও সহযোগিতায় এ সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।

এর আগে গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১২টার দিকে রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৭টি পরিবারের বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ফলে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।

সহায়তা বিতরণকালে জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।

সেনাবাহিনীর এ মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসে। দুর্যোগের মুহূর্তে সেনাবাহিনীর পাশে দাঁড়ানো ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও।

সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতি, ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।