দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাত দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি কার্যক্রম। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) মাধ্যমে পরিচালিত এ কার্যক্রম ১৭ থেকে ২১ অক্টোবর এবং ২৫ ও ২৬ অক্টোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠির অনুলিপি বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন দফতরেও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিন বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক থাকবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আরও দুই দিন আমদানি-রফতানি বন্ধ রাখা হবে। ২৭ অক্টোবর থেকে পুনরায় নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এ সিদ্ধান্তের অনুলিপি আগরতলা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এলপিএআই) ব্যবস্থাপক, আখাউড়া এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন ও আখাউড়া সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি-সম্পাদক এবং আগরতলা আইসিপির প্ল্যান্ট কোয়ারেন্টাইন স্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মাছ রফতানিও বন্ধ রাখা হয়েছে। আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।


