টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছে উগান্ডা। মোজাম্বিকের ছুড়ে দেওয়া মাত্র ২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ বলেই জয় নিশ্চিত করেছে দলটি। ১০ উইকেটের এই জয়ের পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়-পরাজয়ের অনুপাতে ভারত ও বাংলাদেশের মতো দলকে পেছনে ফেলেছে আফ্রিকার দেশটি।
সম্প্রতি ম্যাচটি নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন ওভাল ২ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। মোজাম্বিকের বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উগান্ডার ওপেনার রবিনসন ওবুয়া বোলার ভিয়েরা টেম্বোর বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। এতে মাত্র পাঁচ বলেই শেষ হয় উগান্ডার ইনিংস। এই জয়ের মাধ্যমে ১৩১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০১তম জয় তুলে নেয় দলটি। ১০০ বা তার বেশি ম্যাচ জিতেছে, এমন দলগুলোর মধ্যে উগান্ডার জয়-পরাজয়ের অনুপাত ৩.৭৪।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ভারতের। এখন পর্যন্ত ২০০ ম্যাচে জয় পেয়েছে দলটি। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে এক বল হাতে রেখে চার উইকেটে জিতে এই মাইলফলক স্পর্শ করে ভারত। ৩০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ শেষে তাদের জয়-পরাজয়ের অনুপাত ২.৪০৯। ১০০ বা তার বেশি জয় পাওয়া দলগুলোর তালিকায় উগান্ডার পরেই রয়েছে ভারত।
সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অন্তত ১০০ ম্যাচ জয়ের কীর্তি রয়েছে মোট নয়টি দলের। দলগুলো হলো ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও উগান্ডা। এই তালিকায় থাকা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও উগান্ডা ছাড়া বাকি ছয় দলই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।
এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়-পরাজয়ের পরিসংখ্যান তুলনামূলকভাবে পিছিয়ে। এখন পর্যন্ত ২২২টি ম্যাচ খেলে ৮৯টিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে ১২৮ ম্যাচে। টাইগারদের জয়-পরাজয়ের অনুপাত ০.৬৯৫, যা একের নিচে।
তবে সামগ্রিক টি-টোয়েন্টি ক্রিকেটে জয়-পরাজয়ের অনুপাতে সবার ওপরে রয়েছে স্পেন। ৫৪ ম্যাচে ৪৪টি জয় নিয়ে তাদের অনুপাত ৪.৮৮৮। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালের জয়-পরাজয়ের অনুপাত ৪।


