ফিফা আশিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে জামাল ভূঁইয়াদের ৯-২ গোলের হার এখনও আলোচনায়। তবে অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলারদের সেই তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয়নি। অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এতে প্রতিযোগিতায় আরেকটি পয়েন্ট যোগ হয়েছে তরুণদের ঝুলিতে।
রবিবার (২৫ অক্টোবর) আজারবাইজানের বাকুতে বাছাইপর্বের ‘জি’ গ্রুপের ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। এর আগে পর্তুগালের কাছে হারলেও টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইউরোপের দল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচ শেষে বাংলাদেশের অর্জন দুটি ড্র।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটেই বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পর্তুগালের বিপক্ষে আগের ম্যাচেও গোল করেছিলেন এই ফরোয়ার্ড। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফেরে ইন্দোনেশিয়া। বিরতির পর দুই দলই গোলের চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
এর আগে শনিবার আজারবাইজানের হবসান কম্পিটিশন কমপ্লেক্সে পর্তুগালের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটেই কাউন্টার অ্যাটাক থেকে গোল করে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।


