...|...|...

খেলা

বর্ষসেরা অ্যাথলেটের মুকুট ইমরানুর ও প্রিয়া আক্তারের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫৩
Shares
বর্ষসেরা অ্যাথলেটের মুকুট ইমরানুর ও প্রিয়া আক্তারের

ছবি: সংগৃহীত

নয়টি নতুন জাতীয় রেকর্ড গড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। আসরে সেরা অ্যাথলেটের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার ইমরানুর রহমান ও প্রিয়া আক্তার। অন্যদিকে পদক তালিকায় আধিপত্য ধরে রেখে ২১টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জসহ মোট ৬০টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় সাফল্যের পাশাপাশি ফলাফল প্রকাশে বিলম্ব ও অব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রতিযোগিতায় ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার রিলেতে স্বর্ণপদক জিতে সেরা অ্যাথলেট নির্বাচিত হন ইমরানুর রহমান। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১০০ সিসির একটি ইলেকট্রনিক্স মোটরসাইকেল।

নারী অ্যাথলেটদের মধ্যে সেরার স্বীকৃতি পেয়েছেন প্রিয়া আক্তার। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৮০ হাজার টাকা। ৮০০, ১ হাজার ৫০০ ও ৩ হাজার মিটার দৌড়ে স্বর্ণ জেতেন তিনি। এর মধ্যে ১ হাজার ৫০০ ও ৩ হাজার মিটার ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন প্রিয়া।

পদক তালিকায় বাংলাদেশ সেনাবাহিনীর পর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তারা ১৮টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক জিতেছে। অন্যদিকে একটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ব্যবস্থাপনার ঘাটতি নিয়ে প্রায় প্রতিবছরই আলোচনা হয়। এবারের আসর শুরুর আগে ফেডারেশনের পক্ষ থেকে অব্যবস্থাপনা না থাকার প্রতিশ্রুতি দেওয়া হলেও উদ্বোধনী অনুষ্ঠানেই ব্যবস্থাপনার দুর্বলতা দেখা যায়।

দৌড়ের সময় ও ফলাফল নির্ধারণে ইলেকট্রনিক ফটোফিনিশিং মেশিন ব্যবহারের ঘোষণা দিয়েছিল ফেডারেশন। তবে এর যথাযথ বাস্তবায়ন নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। ইভেন্ট শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরও ফলাফল প্রকাশ করা হয়নি। ফলে আগের মতোই ফল জানতে অ্যাথলেটদের ফেডারেশনের কার্যালয়ে যেতে হয়েছে। প্রতিযোগিতার শেষ দিনে নারী ও পুরুষদের ২০০ মিটার দৌড় শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর কার্যালয় থেকে ফলাফল সংগ্রহ করতে হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন এবং নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের।

অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার ড. সাব্বির মোস্তফা খান, ওমর গণী চৌধুরী ও ইকবাল হোসেন। এ ছাড়া সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন, যুগ্ম সম্পাদক মনজুর মোরশেদ এবং মাহবুবুল আলম টুকু অনুষ্ঠানে অংশ নেন।