আসন্ন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে খুলনা রেঞ্জ পুলিশ। সম্ভাব্য যেকোনো নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা বিবেচনায় নিয়ে ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা।
রবিবার (২৬ জুলাই) সকালে নগরীর বয়রাস্থ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘জাতীয় গুরুত্বপূর্ণ এই দিনগুলো ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একইসাথে সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
ডিআইজি আরও জানান, শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, জনমনে নিরাপত্তাবোধ তৈরি করাও পুলিশের বড় দায়িত্ব। সে লক্ষ্যেই থানা পর্যায় থেকে শুরু করে জেলা ও রেঞ্জ পর্যায় পর্যন্ত সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অর্থ ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন) জনাব শেখ জয়নুদ্দীন, পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাজ্জাদুর রহমান রাসেল, খুলনা জেলা পুলিশ সুপার মো. তাজুল ইসলাম এবং পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আসিফ ইকবাল।
সভায় কর্মকর্তারা জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস, রাজনৈতিক কার্যালয় এবং জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। পাশাপাশি বাড়ানো হবে টহল কার্যক্রম এবং চেকপোস্ট।
বিশেষ করে আগামী ৫ ও ১৫ আগস্টকে কেন্দ্র করে শোক দিবসের বিভিন্ন কর্মসূচি ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধেও নজরদারি বাড়ানো হয়েছে।
ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কোনো ধরনের ছাড় দেব না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনগণের সহযোগিতাও প্রয়োজন।’


